প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:০৭ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ২:২৭ PM

সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে অভিযান চালিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় এই বিশেষ অভিযান।
অভিযান চলাকালে সচিবালয়ে প্রবেশ করতে আসা কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের সঙ্গে থাকা পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করা হয়। পরিবর্তে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয় এবং ভবিষ্যতে এসইউপি নিয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি কার্যক্রমে অংশ নেন, যাতে কেউ নিষিদ্ধ প্লাস্টিক বহন করে ভেতরে প্রবেশ করতে না পারে। অভিযানের সময় এসইউপির পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এবং বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে এসইউপি নিষিদ্ধকরণ কার্যক্রম একটি প্রাথমিক পদক্ষেপ। ভবিষ্যতে ধাপে ধাপে এ কার্যক্রম দেশের অন্যান্য সরকারি দপ্তরেও সম্প্রসারণ করা হবে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে