প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:১২ পিএম

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, প্রবৃদ্ধির ধারা অব্যাহত এবং বেসরকারি খাত এর মূল চালিকাশক্তি। ফলে, এখনই বাংলাদেশে বিনিয়োগ করা একটি কৌশলগত ও সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে।
আজ রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ‘সৌদি–বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। অনুষ্ঠানটির আয়োজন করে সৌদি–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমার পরামর্শ হবে—সৌদি ইনভেস্টমেন্ট ফান্ড, প্রাইভেট সেক্টর ফান্ড ও অন্যান্য বিনিয়োগকারীরা যেন বাংলাদেশেও বিনিয়োগ বিবেচনা করেন। বিনিয়োগ কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশেও সম্প্রসারিত হওয়া উচিত।”
তিনি আরও বলেন, ইসলামী বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর সঙ্গে সম্পর্ক ও সংযোগ বাড়িয়ে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। বর্তমানে বাংলাদেশ প্রায় অর্ধ–ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, যা ধীরে ধীরে ট্রিলিয়ন মার্কের দিকে অগ্রসর হচ্ছে। নানা বৈশ্বিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও দেশটি স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে।
গভর্নর জানান, বাংলাদেশের সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস সৌদি আরব। এই অর্থপ্রবাহকে আরও কার্যকর ও স্বল্প ব্যয়ে স্থানান্তরের ব্যবস্থা করা গেলে প্রবাসী কর্মীদের পাশাপাশি উভয় দেশের আর্থিক খাত উপকৃত হবে। একই সঙ্গে তিনি সৌদি–বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে নিয়মিত ব্যবসায়িক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ