প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকায় ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেনাবাহিনীর একটি অভিযানিক দল সোমবার ভোর আনুমানিক ৫টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তল্লাশি পরিচালনা করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযান চলাকালে সেনাদের উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তল্লাশিতে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড এ্যামোনিশন, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযান চলাকালীন ইউপিডিএফ স্থানীয় নারী, পুরুষ এবং স্কুলগামী শিশুদের সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করেছিল। গত কয়েক দিনের ঘটনার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, ইউপিডিএফ ও তার অঙ্গসংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য স্থানীয় জনগণ, বিশেষ করে কোমলমতি শিশুদের বিভিন্নভাবে তাদের নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণে বাধ্য করছে।
আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পালিয়ে যাওয়া ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ