প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে একটি বিশেষ ১ ডলারের কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি। এই নকশায় ট্রাম্পের প্রোফাইল ছবি ও উঁচু মুষ্টি উত্থিত দৃঢ় ভঙ্গিমার একটি প্রতিকৃতি যুক্ত করা হয়েছে, যা ২০২৪ সালের জুলাইয়ে হামলার পর তোলা ঐতিহাসিক ছবির অনুকরণে তৈরি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই স্মারক কয়েনটি মুদ্রণ করা হবে। কয়েনের সামনের অংশে ট্রাম্পের ছবি, উপরে ‘লিবার্টি’ শব্দ এবং নিচে ১৭৭৬–২০২৬ খ্রিষ্টাব্দ লেখা থাকবে। অন্য পাশে তাকে উঁচু মুষ্টিতে দৃঢ়তার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ প্রথমে এক্স (সাবেক টুইটার)–এ কয়েনের নকশাটি প্রকাশ করেন, পরে ট্রেজারি বিভাগ সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। কয়েনের ব্যবহৃত মূল ছবিটি তুলেছিলেন অ্যাসোসিয়েটেড প্রেসের ফটোগ্রাফার ইভান ভুচি, যিনি ২০২৪ সালের জুলাইয়ে ট্রাম্পের ওপর হামলার পর সেই মুহূর্ত ধারণ করেছিলেন।
যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী জীবিত কোনো ব্যক্তির ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা যায় না, তবে ট্রেজারি জানিয়েছে, এই নকশা কেবল ঐতিহাসিক প্রতীক হিসেবে প্রস্তাবিত হয়েছে। এটি দেশটির ইতিহাস ও গণতন্ত্রের দৃঢ়তার এক ব্যতিক্রমী প্রতিফলন বলেও বিবৃতি দিয়েছে তারা।
ট্রেজারির এক মুখপাত্র বলেন, “যদিও সরকার আংশিক শাটডাউনের মধ্যে রয়েছে, তবুও ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০তম বর্ষে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থায় পৌঁছেছে।” চূড়ান্ত নকশা এখনও অনুমোদনের অপেক্ষায় থাকলেও এই খসড়া ইতিমধ্যেই মার্কিন রাজনীতি ও জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ