প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:১৩ পিএম

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুট, আহত ১
মানিকগঞ্জের পশ্চিম দাশড়ায় অবস্থিত ‘অভি অলঙ্কার’ স্বর্ণের দোকানে দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় প্রায় ২০–২২ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে।
হামলায় দোকান মালিক শুভ দাস (৩৫) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে শুভ দাস তার দোকানে কাজ করছিলেন। তখন দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে এবং স্বর্ণালঙ্কার নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত শুভ দাস শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ক্ষিপ্ত স্বর্ণ ব্যবসায়ীরা আজ সকাল ১১টায় সকাল দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম আমানউল্লাহ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনা তদন্ত করছে এবং শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।