প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পৌর সদরের প্রধান বাজার ও বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজা। অভিযানকালে সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে মিজান নামের এক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পৌর শহরের গুরুত্বপূর্ণ বাজার ও বাইপাস এলাকা পরিদর্শন করে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট এবং ফুটপাতজুড়ে পণ্যের পসরা দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দখলদারদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অবৈধ দখল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। উচ্ছেদ ও সচেতনতামূলক এ অভিযানে মির্জাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। দীর্ঘদিন ধরে পৌর শহরের বাজার ও বাইপাস এলাকার ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা।
তাঁদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত করা গেলে যানজট কমার পাশাপাশি জনসাধারণের চলাচল অনেকটাই সহজ হবে। তবে অভিযান শেষে ব্যবসায়ীরা আবারও ফুটপাত ও সড়ক দখল করে বসলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা জানান, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো অবৈধ স্থাপনা বা দখলদারির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের পর কেউ আইন অমান্য করে পুনরায় সড়ক বা ফুটপাত দখল করলে তাঁর বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থাও নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি