হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।
প্রশ্ন রেখে তিনি আরও বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কী ইসলাম?”
মওদুদী ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না উল্লেখ করে হেফাজত আমির বলেন, “মওদুদীবাদীরা সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে, জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়েছেন।”