প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:৫০ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা সফের মুন্সীর ব্রিজ থেকে আলী আকবরের দোকান হয়ে পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৭৫ কিলোমিটার এলজিইডি নির্মিত হেরিংবন্ড সড়ক বেহাল পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
আজ শনিবার (৪ অক্টোবর) সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। চলতি বর্ষায় হাঁটুসমান কাদা জমে চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে।
এলাকার বাসিন্দা এম. আমির হোসাইন বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু এর বেহাল কারণে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে থাকে। এছাড়া রিকশা-ভ্যান বা অ্যাম্বুলেন্স এই সড়কে সহজে চলতে না পারায় অসুস্থ রোগী বহনে মারাত্মক ভোগান্তি হয়”
স্থানীয় দোকানদার আলী আকবর অভিযোগ করে বলেন, “বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সড়কটি। বর্ষায় কাদা, শুষ্ক মৌসুমে ধুলোয় দোকানপাট ঢেকে যায়। বারবার অভিযোগ করেও কোনো কাজ হয়নি।”
স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার সিকদার হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে সড়ক
সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
৩৪ নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহআলম বলেন, “খারাপ সড়কের কারণে শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে আঘাতও পায় তারা।”
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান করে বলেন, “সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ, তবে বাজেট সংকটের কারণে সংস্কার কাজ সম্ভব হয়নি।”
উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী দ্রুত পাকাকরণসহ সংস্কারের জোর দাবি জানিয়েছেন।”