প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:৩৬ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর (প্রতিনিধি নির্বাচন) পদ্ধতি নিয়ে মাঠে আন্দোলন করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, “উচ্চকক্ষে পিআর প্রাসঙ্গিক, তবে নিম্নকক্ষে এই পদ্ধতি বাস্তবায়নের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি।”
শুক্রবার রাত ১০টায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সাংগঠনিক সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সারজিস আলম বলেন, গুরুত্বপূর্ণ দাবি নিয়ে জামায়াত আন্দোলন করছে। তবে আমাদের পার্থক্যের কারণে আমরা একই সঙ্গে আন্দোলনে নামছি না। তিনি আরও বলেন, “জুলাই সনদ, সংস্কার, বিচারসহ অন্যান্য দাবিতে আমাদের ঐক্যমত বজায় থাকবে।”
গণঅধিকার পরিষদ নিয়ে মন্তব্য করে তিনি বলেন, একভূত হওয়ার বিষয়ে আলোচনা এখনও চলমান। কে কোন পদে থাকবে তা নির্ধারিত হলে তা সবাইকে জানানো হবে।
এনসিপির এই নেতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্ককেও সমালোচনা করেন। তিনি বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের স্বৈরাচারী কার্যক্রমকে সহযোগিতা করেছে, সরকারি দলের বৈধতা দিয়েছে এবং ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। এখন যদি তারা সুযোগ নিতে চায়, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ