প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৪ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, ‘গভীর নিম্নচাপটি বর্তমানে ভারতের ওড়িশা উপকূলে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এছাড়া মৌসুমী বায়ুও বর্তমানে সক্রিয়। তবে বর্ষা মৌসুম প্রায় শেষ পর্যায়ে, ফলে শেষ সময়ে কিছুটা বৃষ্টি হচ্ছে। আশা করা যায়, আগামী সোমবার থেকে পরিস্থিতি উন্নতি হবে।’
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ওড়িশা উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে, তবে ধারণা করা হচ্ছে এটি দুর্বল হয়ে যেতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম