প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৮:১০ PM

দেশের দক্ষিণাঞ্চলের রাজনীতির চারণভ’মি নামে খ্যাত দ্বীপজেলা ভোলার-১ আসনে সব সময়ই জাতীয় পর্যায়ের একাধিক হেভি ওয়েট নেতা নির্বাচন করে আসছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আড্ডা। ভোলা-১ আসনে কোন্ দল থেকে কে মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে চুলচেড়া বিশ্লেষণ। ভোলার ভোলা-১ (সদর), আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-১ আসনে মনোনয়ন প্রত্যাশীরা শুরু করেছেন নির্বাচনী প্রচার-প্রচারণা। অনেকেই নেমে পড়েছেন নির্বাচনী মাঠ গোছানোর কাজে। ভোলা-১ আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রে যেমন দৌঁড়ঝাপ শুরু করেছেন তেমনি এলাকায়ও জনসংযোগ ব্যানার পোস্টার দিয়ে জানান দিচ্ছেন। তবে বিএনপি ছাড়া আর সব দলেই একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
বিএনপি থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নাম শোনা যাচ্ছে। তার পক্ষে দলীয় শুভেচ্ছা ব্যানার টানিয়ে রাখা হয়েছে শহরের অলিগলিতে। তিনি মনোনয়ন পাবেন এমন প্রত্যাশাই করছেন ভোলার বিএনপির নেতা-কর্মীরা।
অনেকে মনে করছেন বিএনপি এবং বিজেপি যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তা হলে এই আসনে হয়তো আন্দালিব রহমান পার্থ মনোনয়ন পেতে পারেন। তা না হলে বিএনপির প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর মনোনয়ন পাবেন। কারণ গোলাম নবী আলমগীর এর আগে এই আসন থেকে নির্বাচন করেছিলেন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিনও মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, ২০১৮ সালেও আমি মনোনয়ন পত্র কিনেছিলাম, কিন্তু সে বছরও দল আমাকে মনোনয়ন দেয়নি। তাই এবছরও আমি মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবো।
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থও এ আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনকে ঘিরে তাদের নেতা-কর্মীরাও কাজ করে যাচ্ছেন। দলের সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, নির্বাচনকে ঘিরে নেতা-কর্মীদের নিয়ে একেক দিন একেক স্থানে দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছি।
অন্যদিকে জামায়াত থেকে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলের সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফার নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরও নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে তাদের দল থেকে মাওলানা আলী আকবরকে মনোনয়ন দিয়েছেন। নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে সভা-সমাবেশ করার মাধ্যমে নিজেদেরকে গোছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরাও কাজ করে যাচ্ছেন। নিজেদের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে কাজ করে যাচ্ছেন তারা।
আর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দও তাদের নেতা-কর্মীরাদের নিয়ে কিছু কিছু জাগায় কাজ করছেন এবং বাকি অন্যান্য এলাকায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। তারা নতুন প্রার্থীদেয়ায় মাঠ পর্যায়ে কাজের পরিবেশ গুছিয়ে আনতে একটু সময় লাগবে এনটাই জানিয়েছেন তারা।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে ভোলা সদর উপজেলায় একটি পৌরসভা এবং ১৩ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনী আসন -১১৫ (ভোলা-১)। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৮৬৪ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬২০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০৪ জন।
স্বদেশ প্রতিদিন/এমএম