প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম

ঠাকুরগাঁও শহরের দক্ষিণ সালন্দর এলাকার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা হাফিজিয়া মাদরাসার তিন শিক্ষার্থী হঠাৎ নিখোঁজ হয়েছে। ঘটনার পর ২১ দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। সন্তানদের খুঁজে পেতে মরিয়া অভিভাবকরা থানাসহ বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ আয়েশা খাতুনের মা কোহিনুর বেগম জানান, মেয়ের সঙ্গে শেষ দেখা করার সময় সে কান্নাজড়িত কণ্ঠে বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু পরদিন হঠাৎ করেই সে আর দুই সহপাঠী নিখোঁজ হয়। তামান্না আক্তারের মা আকলিমা খাতুন বলেন, মাদরাসার প্রধান শিক্ষিকা ফোন করে জানান যে, তার মেয়ে নেই এবং আগের দিন খাবার নিয়ে বকাঝকা হয়েছিল। অন্যদিকে, জুঁই খাতুনের বাবা শাহজালাল বলেন, “আমরা খাওয়া-ঘুম সব ভুলে গেছি, শুধু চাই বাচ্চাগুলো জীবিত ফিরে আসুক।”
নিখোঁজ হওয়ার পরপরই পরিবারগুলো থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরে এক অভিভাবক অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই তিন ছাত্রী পরিকল্পিতভাবে কাপড়সহ ব্যাগ নিয়ে পালিয়েছে, এতে প্রতিষ্ঠানটির কোনো সম্পৃক্ততা নেই।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিন শিক্ষার্থী ট্রেনে চড়ে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে অজানা গন্তব্যে রওনা হয়েছে। তবে পরবর্তীতে কমলাপুর ও এয়ারপোর্ট রেলস্টেশনের ফুটেজে তাদের আর পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে ডিবির কাছে তদন্তাধীন রয়েছে।
অভিভাবকরা ইতিমধ্যেই নিখোঁজ তিন ছাত্রীর ছবি সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং যে কেউ তাদের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, নিখোঁজ তিনজন হলো—তামান্না আক্তার (১৬), জুঁই খাতুন (১৫) ও আয়েশা খাতুন (১৩)। তারা দীর্ঘদিন ধরে মাদরাসার হাফিজি ও কিতাবি বিভাগে অধ্যয়নরত ছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ