প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় এক গৃহিনীর হাঁসের খামারে খাবারের সাথে বিষ জাতীয় পদার্থ মিশিয়ে অর্ধশতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে আনুমানিক ৭২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামার মালিক হরুন নেছা করুনা (৪৯)। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তার হাঁসের খামারে প্রবেশ করে হাঁসের খাবারে কীটনাশক ছিটিয়ে দেন। এতে হাঁসগুলোর মৃত্যু হয় ।
খামার মালিক দাবী করেন, তিনি দীর্ঘদিন ধরে গজারিয়ার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় এলাকায় হাঁস ও গরুর খামার পরিচালনা করে আসছেন। সোমবার রাতে হাঁসের খামারে খাবার দিয়ে বাড়ি ফেরার পর আজ মঙ্গলবার সকালে খামারে গিয়ে তিনি হাঁসগুলোর মৃত দেখতে পান।
এ ঘটনায় ভবেরচর ইউনিয়নের একজন ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব বিস্তার ও ব্যক্তিগত বিরোধের কারণে তারা বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। ভুক্তভোগীর আশঙ্কা, যেকোনো সময় বিবাদীরা তার ও পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করতে পারে।
এ ঘটনায় ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ জানান, হাঁস মৃত্যুর ঘটনায় আমি জড়িত নই। আমিও এই ন্যাক্কারজনক ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার দাবি করছি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিগাণ মোল্লা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- বিষক্রিয়ার হাঁসগুলোর প্রাণনাশ হয়েছে। তবে পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্টের জন্য নমূনা সংগ্রহ করে ঢাকায় কেন্দ্রীয় প্রাণিসম্পদ হাসপাতালে পাঠানো হবে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আমরা অভিযোগ পেয়েছি। প্রাণিসম্পদ বিভাগের ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো