
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক রহস্যময় পোস্ট দিয়ে জাতীয় দলে তার অনুপস্থিতির বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই ক্রিকেট তারকা।
এর আগে একই দিন তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে।
রাত সাড়ে ১২টার দিকে দেওয়া পোস্টে সাকিব লেখেন, “যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ।”
এই মন্তব্যের পরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা সাকিব ঠিক কাকে ইঙ্গিত করেছেন? ‘তার জন্য খেলতে পারলাম না’ এই বাক্যটি ঘিরে প্রশ্ন তুলেছেন ভক্ত ও বিশ্লেষকরা।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন এবং নির্বাচিত হন সাকিব আল হাসান। পরে দেশে রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।
দীর্ঘদিন জাতীয় দলে না থাকায় অনেক ভক্তই তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। তবে দেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যমে এলেও সাকিব বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে সে বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাকিব একটি ছবি পোস্ট করে লেখেন, “শুভ জন্মদিন আপা”।
এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কেউ কেউ একে রাজনৈতিক অবস্থান প্রকাশ বলে মনে করছেন, আবার অনেকে বিষয়টিকে একজন নাগরিকের সৌজন্য আচরণ বলেও ব্যাখ্যা করছেন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে আবার মাঠে দেখতে চায় দেশের অনেক ক্রিকেটপ্রেমী। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টের ধরন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সাকিব আল হাসানের এই পোস্ট কেবল একজন ক্রীড়াবিদ হিসেবে নয়, একজন জাতীয় ব্যক্তিত্ব হিসেবে তার অবস্থান ও ভূমিকা ঘিরে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। কবে এবং কীভাবে তিনি আবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে ফিরবেন সে প্রশ্নের উত্তর এখনও সময়ের অপেক্ষা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে