প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ AM

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্টের মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।”
এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে পোস্টের মন্তব্য বিভাগে বেশিরভাগ মন্তব্যকারীই তা জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করে লিখেছেন।
উপদেষ্টার পোস্টের নিচে মন্তব্য করেন অনেকেই। আব্দুল্লাহ হিল বাকি নামে একজন মন্তব্য করেন, “ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।”
অন্য এক মন্তব্যকারী লিখেছেন, “সময়ই প্রমাণ করে কে সঠিক। আপনি দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে কেউ কেউ এমন আবছা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় উপদেষ্টার সমালোচনাও করেছেন। তারা মনে করেন, একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাঁকে আরও স্বচ্ছভাবে কথা বলা উচিত ছিল।
গত কয়েক মাস ধরেই জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে নানা আলোচনা চলছিল। মাঠে অনুপস্থিতি, রাজনৈতিক সম্পৃক্ততা, এবং দলীয় সিদ্ধান্ত নিয়ে মতভেদের কারণে তাঁর দলে ফেরা নিয়ে বিতর্ক তৈরি হয়।যদিও সরাসরি নাম প্রকাশ করা হয়নি, উপদেষ্টার এ বক্তব্য সেই বিতর্কেরই একটি প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে