প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ AM

বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট ইসহাক এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন।
বক্তারা বলেন, “শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিকতা, সেবা ও সংস্কৃতি—এই পাঁচ মূল আদর্শকে ভিত্তি করে ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠার শুরু থেকেই শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
বক্তারা আরও বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দেশের নানা প্রান্তে শিশুদের মাঝে নৈতিক শিক্ষা, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক অনুশীলন এবং সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। যশোরেও ফুলকুঁড়ির কার্যক্রম স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি যশোরের পরিচালক রাকিবুজ্জামান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম।
বক্তারা আশা প্রকাশ করেন, “ভবিষ্যতেও ফুলকুঁড়ি আসর তার আদর্শিক পথে থেকে শিশুদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে