প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০১ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরোধ ভাঙতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে যাত্রা শুরু করছে ‘মিডিয়া ফ্লোটিলা’, যা আয়োজন করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। এ অভিযানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন আলোকচিত্রী ও দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
শনিবার বিকেলে রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শহিদুল আলম জানান, তিনি ইতালি থেকে ফ্লোটিলায় যোগ দেবেন এবং সেখানেই অন্যান্য দেশের সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের সঙ্গে যুক্ত হবেন।
তিনি বলেন, “গাজায় গণহত্যা চলছে। ইসরাইল, আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্ররা এতে জড়িত। তবে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এই হত্যাযজ্ঞের প্রতিবাদ করছে। আমি সেই প্রতিবাদের অংশ হিসেবেই মিডিয়া ফ্লোটিলায় যাচ্ছি। বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে যাচ্ছি, তবে মনে করি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়েই যাচ্ছি। মানবতার এই লড়াই হারলে, পুরো মানবজাতিই হারবে।”
মিডিয়া ফ্লোটিলার লক্ষ্য হলো সংবাদমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে গাজার ওপর ইসরাইলি অবরোধ সম্পর্কে বৈশ্বিক সচেতনতা তৈরি করা। এর আগে চলতি বছরের ৩১ আগস্ট মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করে, যেখানে প্রায় ৫০০ অধিকারকর্মী অংশ নিয়েছিলেন। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী তাদের বহরে দুবার হামলা চালিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ