প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের শৈশবের এক ঘটনা সম্প্রতি আলোচনায় এসেছে। ছোটবেলায় সহপাঠীকে মারধরের অভিযোগে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি নিজেই।
সালমান খান জানান, শৈশবে এক সহপাঠীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করার সময় দুর্ঘটনাবশত সেই সহপাঠী পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ মনে করেছিলেন, ইচ্ছাকৃতভাবে সালমানই তাকে মেরেছেন। এ কারণে ভুল বোঝাবুঝি থেকে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
তবে শুধু এটিই নয়, স্কুল থেকে বহিষ্কারের পেছনে আরেকটি কারণও ছিল। নিয়মিত টিউশন ফি দিতে না পারায় কর্তৃপক্ষ ক্ষুব্ধ ছিল। সালমান বলেন, “আমাকে বাইরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। বাবাকে ডাকা হয় স্কুলে। তখন স্কুল কর্তৃপক্ষ জানান, আমার কোনো দোষ নেই, দোষ ছিল বাবার— তিনি সময়মতো ফি পরিশোধ করতেন না।”
এসময় তার বাবা, প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান বলেন, “তাহলে ছেলেকে নয়, আমাকে শাস্তি দিন।” পরে কিছু দিনের মধ্যেই বকেয়া পরিশোধ করে স্কুল থেকে সালমানকে ছাড়িয়ে আনেন তিনি।
সালমান এই ঘটনা শেয়ার করেন এক সাক্ষাৎকারে, যেখানে তার সঙ্গে ছিলেন আমির খান। যদিও দু’জনেই শৈশবে একই স্কুলে পড়েছেন, কিন্তু সে সময় একে অপরকে চিনতেন না বলে জানান তারা।
সূত্র: আনন্দবাজার
স্বদেশ প্রতিদিন/ আরএফ