প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর বড় ঘাট এলাকায় অবস্থিত শাহপুর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের শ্রেনী কক্ষের দরজা ভেঙে মদপানের অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে।
স্থানীয় ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা স্কুলের শ্রেনীকক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মদপান করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনার কিছু ছবি শাহপুর আদর্শ কিন্ডারগার্টেন ফেসবুক একাউন্ট থেকে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে।
শাহপুর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো: শাহজাহান ভূঁইয়া বলেন, ‘গত রবিবার সকালে (২১ সেপ্টেম্বর) স্কুলে প্রবেশ করে দেখি শ্রেণিকক্ষের দরজা ভাঙা। পরে ভেতরে ঢুকে ক্লাসরুমে মদের বোতলসহ মদপানের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকতে দেখি। এসময় মটরের পাইপসহ অনেক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করার জন্য একটি মহল এ ধরনের অপকর্ম করেছে বলে আমি মনে করি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত তদন্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হোক।’
এ বিষয়ে এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/শাহো