প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৭ পিএম

ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং খ্যাতিমান সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিসিবির পরিচালক পদে নির্বাচিত হলে কেবল কুমিল্লা নয়, বরং সমগ্র চট্টগ্রাম বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান তিনি।
আসিফ বলেন, ‘কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অন্য জেলাগুলোও। যেমন নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলাতেই সম্ভাবনাময় ক্রিকেটার তৈরির সুযোগ রয়েছে। আমি মনে করি, প্রতিটি জেলায় আলাদা পরিকল্পনা ও উদ্যোগ নিলে দেশের ক্রিকেটকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করানো সম্ভব।’
তবে শুরুতে বিসিবির কাউন্সিলর হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। ব্যক্তিগতভাবে নির্বাচনী রাজনীতিতে আগ্রহ না থাকলেও কুমিল্লার সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্টদের বিশেষ অনুরোধে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
তিনি বলেন, ‘ক্রিকেট আমার আবেগ ও ভালোবাসার জায়গা। নিজেও খেলেছি, তাই খেলাটার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে অনেক আগেই। কাউন্সিলর হওয়া কিংবা নির্বাচন করা আগে ভাবনায় ছিল না। তবে কুমিল্লার ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়দের আন্তরিক অনুরোধ উপেক্ষা করতে পারিনি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করলেও ক্রিকেটের সঙ্গে তার সংযোগ অটুট রয়েছে।
উল্লেখ্য, বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এর আগে আজ থেকে শুরু হয়েছে পরিচালক পদের জন্য মনোনয়নপত্র বিতরণ। আগামীকাল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। আসিফ আকবর নিজেও মনোনয়নপত্র সংগ্রহ ও জমার প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো