প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৯ AM

সংগৃহীত ছবি
বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনবাগ পৌর এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “যারা নানা অজুহাতে বলেছেন ‘অমুক মার্কা না দিলে’ বা ‘অমুক পদ্ধতিতে নির্বাচন না হলে বাংলাদেশে নির্বাচন হতে দেব না’, তাদের উদ্দেশে বলতে চাই, প্রায় দশ হাজার মাইল দূর থেকে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তারা সবাই চায় সংবিধান অনুযায়ী নির্বাচন হোক। আর যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, তারা মূলত ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে।”
বিএনপির স্থানীয় নেতাদের সতর্ক করে তিনি বলেন, “বাংলাদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। পৌরসভার ভেতরে যদি কেউ মাটির ব্যবসা করে, বিচার প্রক্রিয়ায় পক্ষপাতমূলক ভূমিকা নেয় বা নিরীহ মানুষের টাকা খেয়ে অন্যায় রায় দেয়, তারা যেন বিএনপিতে জায়গা না পায়।”
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ আরও দাবি করেন, সরকার সমর্থকরা ইতিমধ্যে গুপ্ত মিছিল শুরু করেছে এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তবে তারেক রহমানের নেতৃত্বে যুবদল, কৃষকদলসহ সব সহযোগী সংগঠন মাঠে সক্রিয় রয়েছে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
তিনি আরও বলেন, “আমাদের ব্যক্তিগত পছন্দ ভিন্ন হতে পারে, তবে জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আমরা সবাই এক।”