প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি
সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায়ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা শহর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাস্টার বোরহানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক। আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির একেএম ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারি নূর উদ্দিন মেশকাতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করে যেনতেন নির্বাচন দেওয়া যাবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।’ তারা আরও বলেন, ‘৫ দফা দাবি মেনে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন আয়োজন করতে হবে।’
জামায়াতের নেতারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে যে জামায়াত নির্বাচন চায় না। কিন্তু ইতোমধ্যে হাতিয়া সহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। নির্বাচনের জন্য সংগঠন সব সময় প্রস্তুত বলেও তারা উল্লেখ করেন।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/শাহো