প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৫ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, যার সভাপতিত্বে তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ নু মং মারমা ক্যাম্প পরিচালনা করেন।
ডা. মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৮ সদস্যের মেডিকেল টিম ক্যাম্পে প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধ ও চশমা বিতরণ করেন। যারা চোখে ছানি রোগে আক্রান্ত, তাদের জন্য পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
এই চিকিৎসা ক্যাম্প তারাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তারছা মৌজার হেডম্যান উনিহ্লা, নোয়াপতং ইউপির সাবেক চেয়ারম্যান সম্ভু তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরামের নেতা উছো মং মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম