প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ AM

বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ শিমুলতলী গ্রামে তার নিজ বাড়ি থেকে এ ট্যাবলেট উদ্ধার করা হয়
পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস অবৈধ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ শিমুলতলী গ্রামে তার নিজ বাড়ি থেকে এ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয় আইটেল ব্র্যান্ডের একটি বাটন ফোনও। গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন (৪৮) ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবির জানান, বিভাগীয় স্টাফসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। এসময় দু’জন সাক্ষীর উপস্থিতিতে আসামির বাড়ির কক্ষ তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা লাল রঙের একটি টিস্যু ব্যাগ থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামিকে ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটির তদন্ত করবে ।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা।