বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারায়ণগঞ্জ-৩; বিএনপির দুর্গে অন্তঃকোন্দল ভাগ বসাতে চায় অন্যরা
সুমন মিয়া, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৭ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ৩:২০ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ২০৬ নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন ও নারী ভোটার ২ লাখ ৮৭ হাজার ২০৪ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।

ইতোমধ্যে বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। গণসংযোগ, মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছেন তারা। এলাকার ভোটারদের অনেকে মনে করছেন, এবারের প্রতিদ্বন্দ্বী হবে হাড্ডাহাড্ডি। নারায়ণগঞ্জ-৩ আসন অতীতে বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিতি পেয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গ দখল করা হয়। এবার দুর্গ উদ্ধারের জন্য ভোটের কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে সীমানা পরিবর্তনের পর নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে বিএনপির মধ্যে প্রার্থী নির্ধারণ নিয়ে তীব্র জটিলতা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপিতে রয়েছে অন্তঃকোন্দল, আর এই সুযোগটি নিতে চায় জামায়াত। জামায়াতের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়। আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। 

তবে বিএনপি নেতারা বলছেন, “অন্তঃকোন্দল থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী করতেই মরিয়া হয়ে উঠবে তৃণমূল।”

আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের চার বারের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এ ছাড়া মনোনয়ন চাইছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম অলিউর রহমান আপেল।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, শিক্ষাবিদ লেখক ও গবেষক অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের উপজেলা কমিটির সেক্রেটারি ফারুক আহাম্মদ মুন্সি। এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলের সোনারগাঁ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান শিবলী। 

এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ভোটের মাঠে লড়তে চান দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। এই আসনে ভোটের মাঠে লড়তে প্রস্তুতি নিচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী।

বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান জানান, তিনি সবসময় বিশ্বাস করেন দলই সবার উপরে। মনোনয়ন পাওয়া না-পাওয়ার বিষয়টিকে তিনি ব্যক্তিগত স্বার্থের সঙ্গে দেখেন না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে আমি নিরলসভাবে শ্রম ও ত্যাগ স্বীকার করে জনগণের পাশে থেকেছি। সুখে-দুঃখে তাদের সঙ্গে পথ চলেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, জেল-জুলুম সহ্য করেছি। নেতাকর্মীদের প্রতিটি দুঃসময়ে পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি। এ দীর্ঘ সংগ্রামের পথচলা আর জনগণের প্রতি আমার ভালোবাসার ভিত্তিতেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই অবস্থায় আমি আপনাদের আস্থা ও সমর্থনের যোগ্য হয়েছি।

বিএনপি নেতা এস এম অলিউর রহমান আপেল বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নিবেদিতপ্রাণ সৈনিক। আমি দল থেকে মনোনয়নের জন্য আবেদন জানাবো। তবে যদি দল আমাকে মনোনয়ন না দেয়, যাকে মনোনয়ন দেবে, তাকে আমি পূর্ণ সমর্থন জানাবো।” 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল একজন আশাবাদী রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বলেন, “ইনশাআল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে ধানের শীষের প্রার্থী হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যোগ দেব। সেখানে আইন প্রণয়ন, আইন বাস্তবায়ন ও প্রয়োগের মাধ্যমে আমার নির্বাচনী এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করব।”

জামায়াত নেতা ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, “যদি জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, তবে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জ-৩ আসনের প্রতিটি পরিবারের ঘরে ঘরে বৈধ গ্যাস সংযোগের ব্যবস্থা করব। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কঠোর ব্যবস্থা নেব।”

এনসিপি নেতা তুহিন মাহমুদ বলেন, “আমার উদ্দেশ্য হলো দুর্নীতিমুক্ত সেবা, জবাবদিহি এবং জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করা।”

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী বলেন, “নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সমাজের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নাগরিকদের মতামতকে অন্তর্ভুক্ত করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   বিএনপি   জামায়াত   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close