প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৫:১৪ PM

ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে লড়াই করা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
আব্বাস এই বার্তা দিয়েছেন সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও রেকর্ডের মাধ্যমে। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে জাতিসংঘের অধিকাংশ সদস্য অংশগ্রহণ করলেও, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মেলনে অংশ নেননি।
প্রেসিডেন্ট আব্বাস বলেন, “হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র, যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী।”
তিনি আরও জানিয়েছেন, “গাজায় যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, যা প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে। শাসনব্যবস্থায় হামাসের কোনও ভূমিকা থাকবে না।”
আব্বাস যুদ্ধবিরতির তাগিদ দেন এবং বলেন, “গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে এবং জিম্মিদের মুক্ত করতে হবে।”
ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট, যার সর্ববৃহৎ দল ফাতাহ। মাহমুদ আব্বাস পিএ-এর পাশাপাশি ফাতাহেরও প্রেসিডেন্ট। গাজা উপত্যকায় এক সময় ফাতাহ ক্ষমতাসীন থাকলেও, ২০০৬ সালের নির্বাচনে হামাস জয়ী হয়ে ২০০৭ সালের মধ্যে ফাতাহকে উপত্যকা থেকে বিদায় করে। গত প্রায় ১৯ বছর ধরে গাজায় হামাসের নিয়ন্ত্রণ রয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ, সিএনএন
স্বদেশ প্রতিদিন/শাহো