প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসষ্ট্যান্ডে অবস্হিত ‘মোহাম্মদ আলী প্রধান প্লাজা’ মার্কেটে ডাকাতি করতে এসে জনতার হাতে আটক হয়েছে তিন ডাকাত। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মোহাম্মদ আলী প্রধান প্লাজায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- কুমিল্লার দেবিদ্বার উপজেলার দলাশ গ্রামের সুন্দর আলীর ছেলে জালাল মিয়া ও মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের বজলু মিয়ার ছেলে রফিক এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের সৈকত উদ্দিনের ছেলে রবিন।
মোহাম্মদ আলী প্রদাধ প্লাজা মার্কেটের ব্যবস্থাপক আসাদুজ্জামান সুমন প্রধান বলেন, ‘প্রতি দিনের মতো আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মী বিপ্লব সকাল ৮ টায় প্লাজার প্রধান ফটকের কলাসেবল গেটের তালা খুলে মার্কেটের ৫ম তলায় আমাদের অফিসে প্রবেশ করে।’
তিনি আরও বলেন, ‘এই সুযোগে ডাকাত চক্রের কয়েকজন মার্কেটের ভেতরে প্রবেশ করে ৩য় তলার একটি মোবাইলের শো-রুমের তালা ভাঙার চেষ্টা করতে থাকে। এ সময় মার্কেটের নিরাপত্তা কর্মী ৫ম তলার অফিস রুমের মনিটরে সিসিটিভির ফুটেজে ডাকাতদের অপতৎপরতার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিক নিরাপত্তাকর্মী বিষয়টি আমাকে জানালে কয়েকজনকে নিয়ে মার্কেটে প্রবেশ করে তাদের ঘেরাও করে ফেলি। এ সময় ডাকাত চক্রের ২ থেকে ৩জন সদস্য পালিয়ে গেলেও ৩ জনকে আটক করি। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম শুভ বলেন, ‘আটক ৩ জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের কারো আঘাতই গুরতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পুলিশের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’
আটক হওয়া ডাকাতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই মার্কেটে ডাকাতির পরিকল্পনা করছিল। মূল উদ্দেশ্য ছিল মোবাইলের শো-রুম থেকে মোবাইল লুট করা। সেই পরিকল্পনা থেকেই ডাকাতির চেষ্টা করে তারা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা আটক ৩ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
স্বদেশ প্রতিদিন/এমএম