প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ১:৪৩ PM

সম্ভাবনায় যাকে এগিয়ে রাখা হচ্ছিল সবচেয়ে বেশি, প্রত্যাশিতভাবে তার হাতেই উঠল ব্যালন ডি’অর। বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
প্যারিসে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানে ২৮ বছর বয়সী দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার, ব্যালন ডি’অর ২০২৫।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে করেন ক্লাবের রেকর্ড ৮ গোল। এছাড়া সব মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরো ১৬টিতে। ফরাসি লিগ আঁ, কাপ ও সুপার কাপ মিলিয়ে দলকে ঘরোয়া সব শিরোপাও এনে দিয়েছেন তিনি। সুপার কাপে করেছিলেন জয়সূচক একমাত্র গোল।
তবে পিছিয়ে ছিলেন না কিশোর প্রতিভা লামিনে ইয়ামালও। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতার নায়ক তিনি। মৌসুমজুড়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার।
ব্যালন ডি’অর হাতে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উসমান দেম্বেলে। স্বপ্ন ছুঁয়ে এদিন খুবই শান্ত স্বভাবের এই ফুটবলার লুকিয়ে রাখতে পারেননি আনন্দ অশ্রু। এমন একটা অর্জন সবাইকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ হয়েছেন মা থেকে শুরু করে দেম্বেলে পরিবারের সবাই। ব্যালন ডি’অর ট্রফিটা মাকে পাশে রেখে বুঝে নিয়েছেন দেম্বেলে। মঞ্চে উঠে সবার আগে অতিথিদের মাঝে বসা মাকে বলেছেন, ‘আমরা একসঙ্গে এটা করেছি।’ এরপর আবেগে কেঁদে ফেলেন দেম্বেলে। সঞ্চালক কেট স্কট মঞ্চে তার মাকে ডেকে আনার পর একটু ধাতস্থ হন।
এরপর নিজেকে গুছিয়ে নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা অর্জন। ২০২৩ সালে আমাকে সই করানোর জন্য পিএসজিকে ধন্যবাদ জানাতে চাই। সতীর্থরা গত বছরের মতো এ বছরও অসাধারণ। এটা ব্যক্তিগত ট্রফি নয়, আমাদের সবার অর্জন।’
আগে ক্যালেন্ডার বর্ষের পারফরম্যান্স বিবেচনা করা হলেও ২০২২ সাল থেকে ইউরোপীয় ফুটবলের একটি মৌসুমকে ধরা হচ্ছে নির্ধারিত সময়সীমা হিসেবে। এবারের জন্য তা ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত।
স্বদেশ প্রতিদিন/এমএম