প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৮ AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ডিম নিক্ষেপের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন নিজের অভিমত প্রকাশ করে বলেছেন, ‘শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাননি, ভাঙা ডিমে কিছু যায় আসে না।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, আগেও উপদেষ্টাদের ওপরে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণের লক্ষ্যবস্তুহয়ে আছি তা আমারা জানি, কিন্তু আমরা এতে ভয় পাই না। আমরা জুলাই যোদ্ধা।’
আখতার বলেন, ‘আগামীতেও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। দেশের মানুষ সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি আগামীতেও করবো ইনশা আল্লাহ।’
তিনি ভবিষ্যতে যাতে আওয়ামী লীগ ফিরে আসতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম