প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতকে উপহার হিসেবে পাঠানো হয়েছে চিনিগুঁড়া চাল। সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চিনিগুঁড়া চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। সেখানে চালের চেকিংয়ের সময় ছবিটি তোলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫০০ কেজি ‘চাষী’ ব্র্যান্ডের সুগন্ধি চিনিগুঁড়া চাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে। চালটি ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।
চালের রপ্তানির বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিল্লিতে হাইকমিশনের জন্য এই চাল পাঠানো হয়েছে। সমস্ত প্রক্রিয়া মেনে আখাউড়া স্থল শুল্ক স্টেশন ছাড়পত্র দিয়েছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশে চাল পাঠানো হয়েছে এবং সব নিয়ম মেনে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
এর আগে, দুর্গাপূজা উপলক্ষে সরকার এবারও ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশও ভারতে পাঠানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ