প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৬:১৩ PM

সংগৃহীত ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে। নওগাঁ জেলায় এবার মোট ৮০১টি পূজামন্ডপে উৎসব উদযাপিত হবে।
উৎসবের প্রস্তুতি শেষ পর্যায়ে। ৬ দিনের মধ্যেই দেবীদুর্গা গজে (হাতি) চড়ে মর্তলোকে আসবেন। কারিগররা রাত-দিন মাটি, কাঁদা, বাঁশ, খড় ও সুতলির সাহায্যে দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং অসুরের প্রতিমা তৈরি করছেন। প্রতিমাগুলোকে পরিপূর্ণ রূপ দিতে বর্তমানে রং তুলি দিয়ে নিখুঁত কাজ করা হচ্ছে। প্রতিমা তৈরির পাশাপাশি ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির বাজনার প্রস্তুতিও চলছে।
জেলার বিভিন্ন উপজেলায় প্রতিমা তৈরির কাজ চলছে। বদলগাছী উপজেলার কারিগর বাদল ৪২ বছর ধরে এই পেশায় নিযুক্ত। তিনি জানান, এবারে প্রতিমার দাম কম থাকায় খরচ বেড়েছে, তবে সব কাজ সময়মতো শেষ করার চেষ্টা করছেন। নজিপুর পৌরসভায় দুলাল কারিগর এবং তার সহকর্মীরা পূর্বের দামেই প্রতিমা তৈরি করছেন।
স্থানীয় শিল্পী সুধির চন্দ্র জানান, প্রতিমাগুলো নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে, যেন দর্শকরা মুগ্ধ হন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার ও পৌর শাখার সাধারণ সম্পাদক পিযুষ কান্তি সরকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ উদযাপনের জন্য পুলিশ ও প্রশাসনের সহায়তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, প্রতিটি পূজামন্ডপ ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
শারদীয় দুর্গাপূজা ২ অক্টোবর বৃহস্পতিবার দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দেবীদুর্গার আবির্ভাব সমাজের শান্তি রক্ষায় সহায়ক।
স্বদেশ প্রতিদিন/শাহো