
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাণিজ্যের মাধ্যমে ভারত-পাকিস্তানের সংঘাত থামিয়েছেন তিনি। এ কারণে তার নোবেল পাওয়া উচিত।
বিশ্বজুড়ে তার সাতটি যুদ্ধ থামানোর কৃতিত্ব রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, তার থামানো সাতটি যুদ্ধের প্রতিটির জন্যই আলাদা করে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এখন আমরা বিশ্ব মঞ্চে এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।
তিনি আরও বলেন, একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন, আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুদেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি- ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরাইল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।
ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে যেমন বলেছিলাম, যদি যুদ্ধ চালাও তবে কোনো বাণিজ্য হবে না। আর মনে রেখো, তাদেরও পারমাণবিক অস্ত্র আছে। এরপর থেমে যায় তারা।
অনেকেই তাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেল পাবেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি বলি, তাহলে বাকি সাতটা কী? আমার তো প্রতিটির জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো সাতটা থামিয়েছি, এটা তো মাত্র একটা, যদিও বড় যুদ্ধ এটা।
রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ তার ভালো সম্পর্ক রয়েছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে হতাশ হয়েছেন তিনি। তবু কোনো না কোনোভাবে এ যুদ্ধও একদিন শেষ হবে- এমনটি প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের।
সূত্র: এনডিটিভি, দ্য প্রিন্ট