প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৩ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং হল বণ্টন সম্পন্ন হয়েছে। তবে ১০ নম্বর ছাত্র হল কর্তৃক প্রকাশিত একটি সিট বরাদ্দের তালিকা নিয়ে শুরু হয়েছে তীব্র আপত্তি ও বিতর্ক।
তালিকায় দেখা গেছে, ১৩৮ নম্বর কক্ষে তিন ছাত্রের সঙ্গে ‘জুবাইদা নহরি যুথী’ নামে এক ছাত্রীকেও অ্যালোট করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বেশ সমালোচনার জন্ম দেয়। কেউ লিখেছেন, এ কী কেমন বরাদ্দ! কেউ আবার ভিন্নমত প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, জুবাইদা নহরি যুথীকে মূলত বেগম খালেদা জিয়া হলে বরাদ্দ দেয়া হয়েছে। ১০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব জানিয়েছেন, এটি করণিক ভুল হতে পারে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হল অ্যালোটমেন্টের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কোনো ত্রুটি নেই। রুম বণ্টনে হল প্রশাসনের প্রকাশিত তালিকায় অসঙ্গতি ঘটেছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম