প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম

আফগানিস্তানে আটকে থাকা ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও বার্বি (৭৬)–কে অবশেষে মুক্তি দিয়েছে তালেবান। দীর্ঘ ৮ মাস বন্দি থাকার পর শুক্রবার কাতারের মধ্যস্থতায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা দোহায় পৌঁছালে সেখানেই মেয়ের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পিটার ও বার্বি প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করছিলেন। গত ১ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় তালেবান কর্তৃপক্ষ তাদের আটক করে। অভিযোগ আনা হয়েছিল, তারা আফগানিস্তানের আইন ভঙ্গ করেছেন। বিচারিক প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হলেও আটক করার নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি তালেবান।
দোহায় পৌঁছে মিসেস রেনল্ডস বলেন, “এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।” তিনি কাতার ও ব্রিটিশ প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তাদের মেয়ে জানান, সর্বশেষ গত শনিবারই তিনি পিতা-মাতার সঙ্গে কথা বলেছেন এবং তারা ঘরে ফেরার জন্য প্রস্তুত ছিলেন।
দম্পতি দুজনের মেডিকেল চেকআপের পর ব্রিটেনে ফেরত পাঠানো হবে। উল্লেখ্য, পিটার ও বার্বি ১৯৭০ সালে কাবুলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং গত ১৮ বছর ধরে আফগানিস্তানে একটি দাতব্য সংস্থা পরিচালনা করে আসছেন।
তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান