প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলায় সড়ক-মহাসড়কে কৃষিকাজের ট্রাক্টর ও নসিমনের দাপাদাপিতে জনজীবন অতিষ্ঠ। সরকারি অনুমোদন ছাড়া দানবাকৃতির এসব যান দিনে-রাতে বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে গ্রামীণ সড়কগুলো দ্রুত নষ্ট হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা। লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া ড্রাইভিং ইতিমধ্যে অনেক প্রাণ কেড়েছে, বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। অথচ এসব নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের তেমন উদ্যোগ চোখে পড়ছে না।
স্থানীয়রা জানান, বিকট শব্দে চলাচল করা ট্রাক্টরের কারণে কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। পথচারী রফিকুল ইসলাম বলেন, “দানব আকৃতির এসব ট্রাক্টরের শব্দ শুনলেই ছোটরা ভয়ে কেঁপে ওঠে। দিন বেলায় অন্তত এদের চলাচল বন্ধ করা জরুরি।”
একজন ট্রাক্টর চালক রুহুল আমিন স্বীকার করে বলেন, “আমরা জানি সরকারের অনুমোদন নেই। পুলিশ কখনো মামলা দেয়, আবার ছাড়েও। আমরা চাই সরকার আমাদের ট্রাক্টর চালানোর লাইসেন্স দিক।”
কালকিনি থানার ওসি কে.এম. সোহেল রানা জানান, “উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাউফ-উল আরেফিন বলেন, “মহাসড়কে এসব ট্রাক্টরের কোনো অনুমোদন নেই। তাই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানা করা হচ্ছে। কাগজবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ