প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ AM

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লোজ করা হয়েছে।
বরখাস্তদের মধ্যে রয়েছেন সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
ডিএমপির একটি সূত্র জানায়, কমিশনারের স্পষ্ট নির্দেশনা ছিল আওয়ামী লীগের কোনো মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু শুক্রবার জুমার নামাজের পর অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সরেজমিন গিয়ে দেখেন, দায়িত্বে থাকলেও কর্মকর্তারা মিছিল ঠেকানোর বদলে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত। এ অবস্থায় তিনি সঙ্গে সঙ্গে তাদের ক্লোজ করার নির্দেশ দেন।
ঘটনা নিয়ে ডিএমপির পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলামের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। যা হয়েছে তা অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে আর কথা বলতে চান না তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ