বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাষ্ট্রীয় মালিকানায় সর্ববৃহৎ ইসলামী ব্যাংকের প্রস্তাবিত রূপরেখা
মো: আরিফুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম
মো: আরিফুল ইসলাম

মো: আরিফুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ক্ষতিগ্রস্থ আর্থিক খাত ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্যোশাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে রাষ্ট্রীয় মালিকানায় দেশের সর্ববৃহৎ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। সরকার ও বাংলাদেশ ব্যাংকের যৌথ প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যেই ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। নতুন এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি আর্থিক খাতে ভবিষ্যৎ অনিয়ম ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স হালনাগাদ করা হচ্ছে। এই অর্ডিন্যান্স উপদেষ্টা সভার পাশ হলে বাংলাদেশ ব্যাংক কেবল জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকবে।

রাষ্ট্রয়াত্ত্ব নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠন, পরিচালন কাঠামো, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, মার্কেটিং পলিসি, জনবল পদায়ন, শাখা ব্যবস্থাপনা, গ্রাহকদের আমানত ফেরত, সম্পদ ও দায় স্থানান্তরসহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থমন্ত্রনালয় ইতোমধ্যে ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদকে আহ্বায়ক করে এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমিন ও উপসচিব ফরিদ আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দুই যুগ্ম সচিব শেখ ফরিদ ও মোহাম্মদ সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মোহাম্মদ জহির হোসেন এবং দুই অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান ও মোহাম্মদ নাজিম উদ্দীন। 

এছাড়াও ৫ ব্যাংকে অস্থায়ী প্রশাসক টিম নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক, মানবসম্পদ বিশেষজ্ঞ, আর্থিক খাত বিশেষজ্ঞ, ব্যাংকিং ব্যবস্থা বিশেষজ্ঞ এবং আইসিএমএ নিয়ে ৫ সদস্য বিশষ্টি এই টিম গঠন করা হয়েছে।

যে লক্ষ্য নিয়ে কাজ করবে নতুন ব্যাংক:
সমাজের সুবিধা বঞ্চিত ও অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে সহজ শর্তে বিনিয়োগ, আর্থিক সহায়তা প্রদান এবং অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা, সুদের সর্বগ্রাসী প্রভাব থেকে মুক্তির মাধ্যমে একটি কল্যাণমূলক ও মানবিক অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করণ, দীর্ঘমেয়াদী ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে উৎপাদনশীল ও টেকসই খাতে বিনিয়োগকে উৎসাহিত করা এবং ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন করার লক্ষ্যে কাজ করবে নতুন এই ব্যাংক।

ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণে করে সঞ্চয়কে উৎসাহিত করার পাশাপাশি ওয়াকফ, হজ্জ, মোহর অ্যাকাউন্ট সেবার মাধ্যমে জনগণকে কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা, সিএসআরের অর্থ সুষ্ঠু ব্যাবস্থাপনার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা পালন করা, কৃষি ও গ্রামাঞ্চলে বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও খাদ্যের অভাব পূরণে বিশেষ অবদান রাখা, দেশের সর্বস্থরের জনগণ বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়নের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই ইউনাইটেড ইসলামী ব্যাংকের লক্ষ্য।

রাষ্ট্রয়াত্ব ইউনাইটেড ইসলামী ব্যাংকের কার্যক্রম পরিচালনার মডেল:
পরিচালনা পর্ষদ- সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধী এবং একীভূত হওয়া ব্যাংকগুলোর বর্তমান বোর্ড সদস্যদের মধ্য থেকে যাচাই বাচাই করে যোগ্যতা ও সচ্ছতার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকিংএ অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ইমেজ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। পরিচালনা পর্ষদ কর্তৃক এমডি নিয়োগের মাধ্যমে নতুন ব্যাংকের ম্যানেজমেন্ট গঠিত হবে।

মূলধন যোগান:
একীভূতকরণের জন্য ৩৫ হাজার ২শত কোটি টাকার যোগান দিবে সরকার। এর মধ্যে ২০ হাজার ২ শেত কোটি টাকা সরাসরি সরকারে তহবিল থেকে আসবে। ১০ হাজার কোটি টাকা আমানত বীমা তহবিল থেকে নেয়া হবে, যা ঋণ হিসেবে ব্যবহারের জন্য আইনি সংশোধনের অপেক্ষায় রয়েছে। বাকি ৫ হাজার কোটি টাকা আইএমএফ, বিশ্বব্যাংক এবং এডিবি সহ বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে বৃহত্তর আর্থিক খাত সংস্কারের অংশ হিসেবে নেয়া হবে।

ব্যাংকিং কার্যক্রম পরিচালনা
ইউনাইটেড ইসলামী ব্যাংক মূলত গণমানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে এসএমই ধারার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। একীভূত হওয়ার আগে এই ব্যাংকগুলো মূলত আমানত নির্ভর ছিলো। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করে আমানত সংগ্রহ করাই ছিলো এই ব্যাংকগুলোর প্রধান কাজ। সংগ্রহীত আমানত সাধারণ মানুষের মাঝে বিনিয়োগ না করে রাষ্ট্রীয় মদদে দেশের আর্থিক মাফিয়া এস. আলমসহ কয়েকজন অলিগার্কের হাতে টাকা তুলে দিতো। পরবর্তীতে তারা ব্যাংকের টাকা ঋণের নামে বিদেশে পাচার করে দিতো। কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে এধরণের দুর্বিত্যায়নের হাত থেকে ব্যাংকিং খাত রক্ষা করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করেছে। ইউনাইটেড ইসলামী ব্যাংক আমানত সংগ্রহের পাশাপাশি ক্ষুদ্র এবং মাঝারি ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করবে। প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনা জামানতে ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং ব্যাবস্থা চালু করবে ইউনাইটেড ইসলামী ব্যাংক।

মার্কেটিং পলিসি 
ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি. একমাত্র রাষ্ট্রায়ত্ব এবং দেশের সর্ববৃহৎ শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক। সকল কাজে শরীয়াহ’র নীতিমালা পরিপালন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন, জনকল্যাণ নির্ভর আর্থিক সেবা প্রদান, জনগণের আমানতের সুরক্ষা, সম্পদের বণ্টনমূলক সুবিচার, সুষম অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভূক্তিমূলক টেকসই ব্যাংকিং সেবা, প্রযুক্তিসমৃদ্ধ প্রজন্মের আর্থিক সমাধান এবং শরীয়াহর উদ্দেশ্যের আলোকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আর্থিক সমাজ গড়ে তোলাই হবে এই ব্যাংকের অন্যতম লক্ষ্য। প্রান্তিক পর্যায়ের আর্থিক নিরক্ষর অস্বচ্ছল জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এবং যে এলাকার আমানত সেই এলাকায় বিনিয়োগের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই হবে ইউনাইটেড ইসলামী ব্যাংকের মার্কেটিং পলিসি। তরুণ প্রজন্মকে সহজ, দ্রুত, স্বচ্ছ এবং নিরাপদ ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা প্রদান করবে। 

জনবল পদায়ন
একীভূত হওয়া ৫ ব্যাংকে ১৬ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে যে, এই ব্যাংকের কোনও এম্প্লয়ীকে চাকরি থেকে ছাঁটাই করা হবে না। ব্যাংকগুলোতে প্রায় ৮ শত শাখা, ৭ শত উপশাখা, ৫ শত এজেন্ট আউটলেট ও ১ হাজারের এর বেশি এটিএম বুথ রয়েছে। এগুলো পরিচালনার জন্য কর্মরত জনবলের প্রয়োজন রয়েছে। ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাও একীভূতকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের পদে বহাল থাকবেন। তবে কর্মকর্তাদের একটি নির্দিষ্ট যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যদিয়ে নতুন ব্যাংকে যেতে হবে। কেন্দ্রীয় ব্যাংক শীঘ্রই জনবল যাচাই বাছাইয়ের একটি নীতিমালা প্রদান করবে। মৌখিক পরীক্ষা এবং কিছু ক্ষেত্রে লিখিত পরীক্ষার ব্যবস্থা ও গ্রহণ করতে পারে। একীভূত হওয়া ৫ ব্যাংকের কর্মকর্তাদের পদবি এবং বেতন কাঠামোতে কিছু ভিন্নতা থাকায় এগুলোকে একটি নির্ধারিত নীতিমালায় নিয়ে আসবে। সেক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারিদের বর্তমান বেতন এবং পদ-পদবি সমন্বয় করা হতে পারে।

শাখা ব্যবস্থাপনা
দেশব্যাপী এই ব্যাংকগুলোর ৭ শত ৭৯টি শাখা, ৬ শত ৯৮টি উপশাখা, ৫ শত এজেন্ট আউটলেট ও ১ হাজারের বেশি এটিএম বুথ রয়েছে। যেখানে একই এলাকায় ৫ ব্যাংকের শাখা রয়েছে সেক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক শাখা রেখে বাকীগুলো আশেপাশের উপযুক্ত জায়গাগুলোতে স্থানান্তর করা হবে। এছাড়া দেশের ২৯০ টি উপজেলায় এই ব্যাংকগুলোর কোনো শাখা বা উপশাখা নেই। সে সব এলাকায় ঐ শাখা-উপশাখাগুলো স্থানান্তর করা হবে।

লেনদেন স্বাভাবিকীকরণ
ইউনাইটেড ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার ও রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যক্তি পর্যায়ের ক্ষুদ্র সঞ্চয়ের অর্থ প্রদান শুরু করবে। তবে বৃহৎ প্রাতিষ্ঠানিক আমানত, রাষ্ট্রীয় সংস্থা এবং অন্যান্য বড় আমানতগুলো নতুন ব্যাংকের ইক্যুইটিতে রূপান্তরিত করা হবে।

চেয়ারম্যান-এমডি পদে আলোচনায় যারা
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের চেয়ারম্যান কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। এছাড়াও তিনি সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ইসলামিক ব্যাংক কনসালটেটিভ ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আবদুল মান্নান ইসলামী ব্যাংকিং ধারার প্রবীণ এবং বিশেষজ্ঞ ব্যক্তি। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ-এ একাধারে তিন বার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। আর্থিক মাফিয়া এস আলম ইসলামী ব্যাংক দখলের পর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে তুলে নিয়ে জোড়পূর্বক পদত্যাগ করিয়ে বিদেশে চলে যেতে বাধ্য করে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠায় আব্দুল মান্নানের অসমান্য অবদান রয়েছে। ব্যাংক খাত বিশেষজ্ঞদের মতে এ খাতের হাল ধরতে ৪০ বছরের ইসলামী ব্যাংকিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল মান্নানের বিকল্প নেই।

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আলোচনায় রয়েছে দু’জনের নাম। তাদের মধ্যে একজন মো. ছিদ্দিকুর রহমান। তিনি বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। আলোচনায় থাকা অপর ব্যক্তি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ। ২০২০ সাল থেকে তিনি এই ব্যাংকে তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। তারিক মোর্শেদ এর আগে স্যোশাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এস আলম স্যোশাল ইসলামী ব্যাংক দখল করে লুটপাট শুরু করলে তিনি ঐ ব্যাংক থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঘটে যাওয়া সীমাহীন দুর্নীতি আর অনিয়মে ভেঙ্গেপড়া আর্থিক খাত সংস্কারে দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের কোনো বিকল্প ছিলোনা। জনগণের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করা এবং আর্থিক খাতে দুর্নীতি রোধ করতে রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ ইসলামী ব্যাংক এখন সময়ের দাবি। দেশের ইসলামী ব্যাংক খাতের অন্যতম মাইলফলক হতে যাচ্ছে সরকারি এই পদক্ষেপটি। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ইসলামী ব্যাংক চালু হওয়া নিয়ে সর্বস্থরের জনগণের অধীর আগ্রহের অবসান হোক ইউনাইটেড ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে। অবসায়ন হোক আর্থিক অনিয়ম এবং লুটপাটের। ব্যাংক খাতে ফিরে আসুক সুশাসন। কল্যাণমুখী ব্যাংকিংসেবা পৌঁছে যাবে প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষের দোরগোড়ায় এমনই প্রত্যাশা দেশের সাধরণ মানুষের।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রীয় মালিকানা   ইসলামী ব্যাংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close