প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২১ পিএম

গণ-অভ্যুত্থানের পরও প্রশাসন ও রাজনীতিতে দলীয়করণ বিদ্যমান, শুধু মাত্র রূপ বদলেছে এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে এমন উদাহরণ খুবই বিরল। এখনও দলীয়করণ রয়ে গেছে, শুধু বদলেছে তার রূপ।”
তিনি আরও বলেন, বিগত ৫৪ বছরে দলীয়করণ দেশের নানামুখী সমস্যার শিকড় হয়ে দাঁড়িয়েছে। ফলে এই বাস্তবতা মাথায় রেখেই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ হলেও মূল নিয়ন্ত্রণ থাকে তিনটি শক্তির হাতে রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা। এই তিন শক্তির টানাপোড়েনেই নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।”
ইফতেখারুজ্জামান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, তা চিহ্নিত করা জরুরি। এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে সব সীমাবদ্ধতার পরেও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব যদি নির্বাচন কমিশন চায় এবং যথাযথভাবে দায়িত্ব পালন করে, বলেও মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক।
স্বদেশ প্রতিদিন/কেআইকে