প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ পিএম

প্রতীকী ছবি
রাজধানীর মতিঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল কালভার্ট রোডে দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চালানোর সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সিফাত নিয়ন্ত্রণ হারান। এর ফলে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং তিনি গুরুতর আহত হন।
নিহতের বাবা মাসুদ আলম বলেন, আমার ছেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার এলএলবি পড়ার পরিকল্পনা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।
নিহত সিফাতের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারী রাংকিং স্ট্রিটের একটি বাসায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।