
সংগৃহীত ছবি
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষা ৮টি বিভাগীয় শহরে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ, মোট ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। সেগুলো হলো
১. পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এর পর কেউ হলে ঢুকতে পারবেন না। পরীক্ষার হল ও কক্ষ নম্বর আগেই এসএমএসে জানানো হবে।
২. সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের চারটি সেট থাকবে, সেট #১, #২, #৩ ও #৪। সকাল ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে।
৩. বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গহনা ও ব্যাগ পরীক্ষাকক্ষে আনা নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কাউকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
৪. পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে। কানে কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সনদপত্রসহ কমিশনের অনুমতি নিতে হবে।
৫. পরীক্ষায় ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
৬. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য কমিশন শ্রুতিলেখকের ব্যবস্থা করেছে। মনোনীত শ্রুতিলেখক ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবেন না। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের জন্য প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
উল্লেখ্য, এবারের বিসিএসে মোট শূন্য ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৬৮৮ জন নিয়োগ পাবেন। এই বিসিএসে কিছু নতুন পদও যুক্ত হয়েছে।
আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।