প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলোচিত আলাউদ্দিন মেম্বার হত্যা মামলায় ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের জামিন শেষে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মাহবুব আলম তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- ছালেহ আহমদ (৬৫), জিয়া (৪৫), ইউনুস (৪০), তারেক (২৮), সাকিব (২৫), সাখাওয়াত (৩৮) ও ছানাউল্লাহ (৫০)। এরা সবাই নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামের বাসিন্দা।
গত ৩ আগস্ট, বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন (৫৫)-কে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে একটি চলন্ত সিএনজি অটোরিকশায় মাথায় গুলি করে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলাউদ্দিনের ছেলে যোবায়ের হোসেন রাজিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনসহ মোট ২৫ জনকে আসামি করে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিরা শুরুতে পলাতক থাকলেও পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নেন। জামিন শেষে তারা কুমিল্লা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার প্রধান আসামি শেখ ফরিদ-কে প্রায় এক মাস আগে র্যাব-১১ ঢাকার একটি এলাকা থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে তাকেও জেলহাজতে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম