প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ পিএম

সংগৃহীত ছবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় আওয়ামী লীগের সার্বিক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছে দুদক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকা থেকে দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান তাদের আটক করেন। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ৈর উপপরিচালক সুবেল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, আরামিট পিএলসির এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিং এর মালিক মো. আবদুল আজিজ এবং আরামিট পিএলসির এজিএম (অ্যাকাউন্টস) উৎপল পাল।
আজিজ মামলার এজহারভুক্ত আসামি হলেও তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় উৎপলকেও গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে জব্দ হওয়া দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল থেকে বিপুল পরিমাণ তথ্য উদ্ধার হয়েছে, যা ফরেনসিক পরীক্ষার জন্য আদালতে অনুমতি চাওয়া হয়েছে।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপল পাল জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্ব পালন করতেন এবং দুবাই-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। অন্যদিকে আজিজ জাবেদ পরিবারের আরামিট থাই অ্যালুমিনিয়ামের সম্পত্তি ক্রয়-বিক্রয় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
গত ২৪ জুলাই দুদক সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী, ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে। এতে ইউসিবিএল ব্যাংক ও আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো