প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রাকিব মাদবরকে। ঘটনাটির তিন দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবচরের সদর রোডে ইউসিবি ব্যাংকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় রাকিবকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর বাজারে ইউসিবি ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে নিহত রাকিবের বন্ধু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা ব্যানার হাতে দাঁড়িয়ে স্লোগান দেন।
মানববন্ধনে রাকিবের বন্ধু রাহাত মল্লিক বলেন, “শিবচরবাসী শান্তিপ্রিয় মানুষ। প্রকাশ্যে শত মানুষের সামনে এমন হত্যাকাণ্ডের পরও আসামিরা ধরা না পড়লে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।”
আরেক বন্ধু আল্টিমেটাম দিয়ে বলেন, “আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধন বিক্ষোভে রূপ নেবে এবং আন্দোলন আরও কঠোর হবে।”
মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সবার এক দাবি—“রাকিব হত্যার বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার চাই।”
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর