প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৬:০৯ PM

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আজ ১৬ সেপ্টেম্বর শেরাটন ঢাকায় একটি মধ্যাহ্নভোজের আয়োজন করে, যেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কাউন্সেলর পল ফ্রস্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে অ্যামচ্যাম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ, এক্সিকিউটিভ কমিটি সদস্যবৃন্দ, সদস্য কোম্পানির শীর্ষ নির্বাহী, বিভিন্ন মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা, চেম্বার নেতৃবৃন্দ, কূটনৈতিক মিশন, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অ্যামচ্যাম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ বলেন, “বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি গন্তব্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় একক বৈদেশিক বিনিয়োগ উৎস। প্রযুক্তি, জ্ঞান বিনিময় ও বৈশ্বিক সেরা অনুশীলনের মাধ্যমে দেশের অর্থনীতি ও জনগণ উপকৃত হচ্ছে।” তিনি আরও বলেন, আধুনিক লজিস্টিক ব্যবস্থা, শুল্ক প্রক্রিয়া সহজীকরণ, নন-ট্যারিফ বাধা অপসারণ, মেধাস্বত্ব সুরক্ষা ও শ্রমমান উন্নয়নের মাধ্যমে মার্কিন বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য অগ্রাধিকার তুলে ধরে পল ফ্রস্ট বলেন, “বাংলাদেশে মার্কিন রপ্তানি বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। অগ্রাধিকার খাতগুলো হলো বিদ্যুৎ ও জ্বালানি, বিমান, কৃষি (কোল্ড চেইন ও কৃষি প্রযুক্তিসহ), অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা। আমরা অ্যামচ্যাম ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব, যাতে মার্কিন কোম্পানিগুলো সফল হয় এবং রপ্তানি সহজ হয়।”
অনুষ্ঠানের সমাপনীতে অ্যামচ্যাম ট্রেজারার আল-মামুন এম. রাসেল ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজনে সহযোগিতা করেছে কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড, এক্সেলারেট এনার্জি, এইচএসবিসি, ভিএফএস গ্লোবাল এবং ভিসা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে