প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ AM

সংগৃহীত ছবি
খুলনার কয়রা থানার ছোট অংটিহারা এলাকায় কোস্ট গার্ড বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের সরঞ্জামসহ এক হরিণ শিকারিকে আটক করেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা বিশেষ অভিযান চালায়। এ সময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান নামের একজন শিকারিকে আটক করা হয়। তার বাড়ি কয়রা উপজেলার আংটিহারা গ্রামে।
পরবর্তীতে আটক শিকারি এবং উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা ও ফাঁদ কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার দেশের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ড সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সুন্দরবনসংলগ্ন কয়রা, শ্যামনগর ও আশপাশের এলাকায় প্রায়ই হরিণ শিকারের ঘটনা ঘটে। মাংস বিক্রির জন্য চক্রের সদস্যরা বিভিন্ন স্থানে ফাঁদ পেতে হরিণ শিকার করে থাকে।