প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটি এ দাবি জানায়।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
তিনি আরও জানান, এই লক্ষ্য সামনে রেখে জামায়াত পাঁচ দফা গণদাবি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে— সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সরকারের গণহত্যা, জুলুম ও দুর্নীতির বিচার করা।
বিশেষ করে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি দলটির অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। জামায়াতের মতে, এ দলগুলো গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াত জানায়, এসব দাবির ভিত্তিতে তারা গণআন্দোলন চালিয়ে যাবে। দলটির মতে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে দেশে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ