প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৬ AM

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার বিচার এমন একটি স্ট্যান্ডার্ডে হবে, যা পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন মেনে নেবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইকোনো কুমিন সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আয়োজনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন সারজিস।
সারজিস বলেন, “খুনি হাসিনার বিচার এমনভাবে হবে যে, পৃথিবীর সব আইন তাকে মেনে নেবে। আমরা লোক দেখানোর জন্য হাসিনার বিচার করব না, যেমন হাসিনা নিজে বাংলাদেশে আলেম-ওলামা, রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণের জন্য লোক দেখানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে।”
তিনি আরও বলেন, “আইসিটি ট্রাইব্যুনাল আমাদের বা আপনার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সঠিকভাবে শেষ করা হবে এবং তাকে ফাঁসিতে ঝোলানোর বিষয়টি নিশ্চিত করা হবে।”
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী সভায় বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, “১৯৭১ সালের সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল। গত ১৫ বছর ধরে যেকোনো ব্যক্তি যাদের মুখে দাড়ি বা মাথায় টুপি থাকে, তাদেরকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়েছে। এটি ভারতের এজেন্ডা ছিল এবং এই কাজটি করা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে