প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পিএম

প্রতীকী ছবি
মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রিপন (৪২) মারা গেছেন।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত রিপন মঘাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজিতালুক গ্রামের কালাম ডাক্তার বাড়ির আবুল কালামের ছেলে।
মীরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, “সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মীরসরাইয় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রিপনকে আহত অবস্থায় উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়।”
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন রিপন নামের এক মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর পেয়েছি।”