প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ AM

সংগৃহীত ছবি
দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোছা: রেনু বেগম (৩৮)।
তিনি একই এলাকার মো: বাবলু শেখ (৪৫) এর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
অভিযোগ উঠেছে স্বামী মো: বাবলু শেখ এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় নিজ স্ত্রী রেনু বেগম কে মারধর করতেন। এরই প্রেক্ষিতে চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ।
জানা যায়, আগস্ট মাসের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শশুর বাড়ি আসলে তাকেও ঘরে আটকে মারধর করে জামাই মো: বাবলু শেখ। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
পরে মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে ১৫ দিনের বেশি সময় পার হলেও নিখোঁজ মেয়ের কোন সন্ধান পাননি তিনি।
এ বিষয়ে মোছা: মরিয়ম বেগম বলেন, আমার এক মাত্র মেয়ে রেনু। মেয়ের কষ্ট দেখে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে দিয়েছি।তবে গত কয়েক বছর ধরে বাড়ির পাশের এক মহিলার সাথে জামাই পরক্রিয়া প্রেমে জড়িয়ে পরে। এরপর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোন খোঁজ না পেয়ে মেয়ের বাড়ি যাই। তবে বাড়িতে মেয়ে ছিলো না। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোন খবর দেয় না!
এ বিষয়ে মো: বাবলু শেখ এর মা মোছা আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে। কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই প্রবাসী ফারুকের বউ হোসনে হেরার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন ছেলের বাড়ি গিয়ে দেখি আমার ছেলে হোসনে হেরার সাথে এক ঘরে শুয়ে আছে। আমি তাকে বকাবকি করে চলে আসি। গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মো: আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়িতে গিয়েছিলাম। তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে।
তিনি আরও বলেন, আমি অভিযোগ পত্রে দেওয়া নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিসিভ করেনি। এজন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো