প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি তাদের ব্যক্তি স্বার্থের জন্য পিআর (প্রতিনিধি অনুপাত) পদ্ধতির বিরোধিতা করছে।
তিনি বলেন, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এছাড়াও বেসরকারি একটি সংস্থার জরিপে দেখা গেছে দেশের ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে। যদি বিএনপি এখনও পিআরকে অগ্রাহ্য করে, তবে তাদের রাজনীতি করা উচিত নয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে তিন দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি বলেন।
রেজাউল করিম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সময় জনগণের কাছে একটি ওয়াদা দিয়েছিল। সেই ওয়াদার মধ্যে ছিল সংস্কার, বিচার এবং জাতীয় নির্বাচন। তিনি প্রশ্ন রাখেন, এই মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচার বাস্তবায়িত হয়েছে কি না। যদি এসব বাস্তবায়িত হয়, তাহলে নির্বাচন ফেব্রুয়ারির চেয়ে আগেও করানো সম্ভব হতো। তবে সরকারকে উপযুক্ত নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই চেতনা অনুযায়ী দেশের বহু মানুষ জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন বা চক্ষু হারিয়েছেন। তাদের উদ্দেশ্য ছিল দেশের জন্য একটি ন্যায়সঙ্গত লক্ষ্য। যদি সেই লক্ষ্য বাস্তবায়িত না হয় এবং নির্বাচন গতানুগতিকভাবে হয়, তাহলে সেখানে ফ্যাসিস্ট ও খুনির উত্থান ঘটতে পারে এবং ভোট ডাকাতির মতো ঘটনা ঘটবে। মানুষ জীবন দিয়েছিল তা এভাবে নষ্ট করার জন্য নয়।
মুফতি রেজাউল করিম সম্প্রতি ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, এটি রাজনৈতিক দলের জন্য একটি বড় সিগন্যাল। জুলাই চেতনায় মানুষ কী চায় তা এখানে প্রতিফলিত হয়েছে। ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন ধ্বংস হয়ে গেলে ভবিষ্যৎ রাজনীতিও অন্ধকারে যেতে পারে।
সমাবেশে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য মামুনুর রশিদ খান, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এম ওবায়েদুর রহমান, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন এবং ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর মোহাম্মদ কামাল উদ্দিন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ